image

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান

প্রতিনিধি, সাতকানিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটার ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রশাসন নিয়মিত অভিযান চালালেও মাটিখেকো চক্র থামছে না এবং উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে মাটি কাটা হচ্ছে।

গত রোববার দিনের বেলায় কেঁওচিয়া ইউনিয়নের তৈমুহনী এলাকায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের পাশে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে আবু তাহের (৫৫)কে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত দুটি ডিজেল চালিত সেলো মেশিনও ধ্বংস করা হয়। এর আগে, গত শনিবার মধ্যরাতে কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়ার নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এসকেভেটর বিকল করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাটি কাটার এই অবৈধ কর্মকান্ড স্থানীয় জননিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে কিছু চক্র রাতের অন্ধকারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে মাটি কাটছে।

স্থানীয়রা দাবি করছেন, প্রশাসন কেবল একাধিক স্থানে অভিযান চালাচ্ছে না। তারা আরও চাইছেন, উপজেলা জুড়ে রাতের অন্ধকারে মাটি কাটার প্রতিটি ঘটনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হোক, যাতে মাটিখেকোদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

সাতকানিয়া উপজেলা প্রশাসন জানান, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি