image

সুনামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন, আটক ৩

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামে সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় অবৈধ ড্রেজার মেশিন ও বালুভর্তি বাল্কহেডসহ তিনজনকে আটক করে নৌ পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় জনতা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নুরপুর গ্রামের সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নৌ পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাগজ দেখিয়ে দোয়ারাবাজার উপজেলা মিনি স্টেডিয়াম (২য় পর্যায়) নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বিডি পাওয়ার টেকনোট্রেডের পক্ষে ছাদিকুর রহমান মেসার্স সারা অ্যাসোসিয়েটস, সুরমা ১৪৪ আ/এ, সুনামগঞ্জকে ৭ লাখ ৪০ হাজার ৯৩৪ ঘনফুট বালু/বালুমিশ্রিত মাটি সরকারি কার্যক্রমে ব্যবহারের শর্তসাপেক্ষে উত্তোলনের অনুমতি দেওয়ার কাগজপত্র দেখান। তবে নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন না করে নুরপুর গ্রামের সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় নদীপাড়ের বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ড্রেজার ও বালুভর্তি নৌকা পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য, কিছুদিন আগে নুরপুর, হরিনাটি, সোনাপুরসহ আশপাশের গ্রামগুলোকে নদীভাঙনের কবল থেকে রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে নদীভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। অথচ অবৈধ ও ভুয়া কাগজ দেখিয়ে বালু উত্তোলনের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ড্রেজারচালকদের কাছ থেকে জানা যায়, আমবাড়ী বাজার এলাকার নুর নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করাচ্ছেন।

এ ব্যাপারে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নুরপুর গ্রামের লোকজন একটি ড্রেজার ও বালুভর্তি নৌকাসহ তিনজনকে আটক করে তাদের হাতে তুলে দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অপরাধ ও দুর্নীতি: ৬ জেলার পুলিশ সুপার বদলি