কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদী তীরবর্তী একটি বাতাবিলেবু গাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার (৪ মার্চ) সকালে ধাউরারকুটির নদীতীরবর্তী পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারী সেখানে একটি বাতাবিলেবু গাছে লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক প্রামাণিক বলেন, নদী তীরের কাছে বাতাবিলেবু গাছে একজন অচেনা পুরুষের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলন্ত ওই পুরুষের বয়স আনুমানিক ৬৫ বছর।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পোস্টমর্টেমের জন্য লাশ কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হবে।