image

ভূমি অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

আজ সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। অফিস সময় শুরুর পরও কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত ছিলেন। ফলে কক্ষগুলো তালাবদ্ধ থাকায় বাধ্য হয়ে বারান্দায় বসে অপেক্ষা করতে হয় প্রতিমন্ত্রীকে।

বুধবার (৪ মার্চ) সকাল নয়টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, ভূমি অফিসের প্রধান ফটকটি খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলো তালাবদ্ধ ছিল। পরে প্রায় আধ ঘন্টা অফিসের বারান্দায় চেয়ারে বসে অপেক্ষা করেন কায়সার কামাল। খবর পেয়ে পরে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হন।

এমনকি ভূমি সেবা নিতে আসা গ্রাহকদেরও সেখানে অপেক্ষমান দেখা যায়।

একটি ভিডিওতে দেখা যায়, এ ধরনের দায়িত্বহীন আচরণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখে পড়তে হয়। ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল কর্মকর্তাদের দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা অসংলগ্ন উত্তর দেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না।”

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অন্যান্য অফিসগুলোতেও চালানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

যদিও এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর বলেন, “আমি ব্যক্তিগত কারণে অফিসিয়ালি অর্ধেকবেলা ছুটিতে ছিলাম। ফলে সরাসরি সেখানে যেতে পারিনি। তবে যতদূর জেনেছি, প্রতিমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের পাননি। প্রতিমন্ত্রী অনেকক্ষণ অপেক্ষা করেছেন।”

বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে এবং তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান দেবযানি কর।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি