গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাগান এলাকায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমান তালুকদার সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুরের কলাপট্টি এলাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় ছিলেন গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকার আবুল কালাম আজাদ তালুকদারের ছেলে আতিকুর রহমান। এ সময় তার পূর্বপরিচিত মারুফ হাসান কৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে হাড়িনাল নোয়াগাঁও এলাকার ভাওয়াল রাজবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও তিনজন অবস্থান করছিল।
অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছামাত্র মারুফ একটি ছুরি বের করে ভয়ভীতি দেখায়। পরে তারা সবাই মিলে আতিকুরের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ১ হাজার ৪৫০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে সদর থানার একটি টহল দল রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশ আতিকুরকে উদ্ধার করে এবং চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—মারুফ হাসান (মতিউর রহমানের ছেলে), তানজিব হোসেন (মৃত আবুল হোসেনের ছেলে) ও মো. সোহরাব (আব্দুল লতিফের ছেলে)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি সুইস গিয়ার ছুরি ও হাত-পা বাঁধার রশি জব্দ করা হয়েছে। আহত আতিকুরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।