আগুনে সর্বস্বান্ত নওগাঁর ভূমিহীন দিনমজুর, পাশে প্রশাসন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

নওগাঁর নওগাঁ সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ভূমিহীন দিনমজুর সাজ্জাদ হোসেন (৫৫)। খবর পেয়ে দ্রুত সরকারি সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামে সাজ্জাদের টিনশেড বাড়িতে আগুন লাগে। আগুনে নগদ অর্থসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। সাজ্জাদ দীঘা গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। তিনি অন্যের জায়গায় কোনোমতে টিন দিয়ে তৈরি একটি ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী পাশের ইটভাটায় শ্রমিকদের জন্য রান্নার কাজ করেন।

সাজ্জাদ জানান, এশার নামাজের সময় কাজের প্রয়োজনে তিনি ও তার স্ত্রী ইটভাটায় গেলে বাড়িতে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেশীরা টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর বুধবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাৎক্ষণিক সহায়তা তহবিল (জিআর) থেকে দুই প্যাকেট শুকনো খাবার ও একটি কম্বল প্রদান করা হয়। পাশাপাশি ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি হিসেবে সহায়তার উপকরণগুলো তুলে দেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারওয়ার কালাম চঞ্চল। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, “ভূমিহীন ওই পরিবারকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, কম্বল, দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া সাজ্জাদ হোসেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতাও কামনা করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি