image
চাঁদপুর : ভাঙা সেতুতে জনদুর্ভোগ -সংবাদ

মতলব-বোয়ালিয়া সড়কে ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর মতলব পৌরসভার বোয়ালিয়া-মতলব সড়কের জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে নিচে পড়ে গেছে। এতে নলুয়া, উপাদী, বহরী ও শান্তিনগরসহ ৫-৭টি গ্রামের হাজার হাজার মানুষের আসা-যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ঈদমুখী বাজারে যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় লোকজন জানায়, মতলব সদর থেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের লোকজনের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি। বোয়ালিয়া বাজার সংলগ্ন এ ব্রিজটি কয়েকবছর যাবৎ ভেঙে ভগ্নদশায় পরিণত হয়েছে। গত সোমবার রাতে ব্রিজের অনেকাংশে ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন, মাহিন, ফয়সাল আহমেদসহ আরও অনেকে বলেন, আমাদের এলাকায় দুটো উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বাজার, ডাকঘরসহ নানা জায়গায় যেতে এ ব্রিজটি কাজে লাগে। এ ছাড়া উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ব্রিজটি ভেঙে যাওয়ায় কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও বাজারে গমনকারী লোকজন দারুণ সমস্যায় পড়েছে। এর দ্রুত মেরামত জরুরি।

স্থানীয় বহরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বোয়ালিয়া বাজারের পশ্চিম দিকের এ ব্রিজটি অনেক দিন ধরে যানবাহন চলাচলের অনুপোযোগী ছিল। গত সোমবার রাতে ব্রিজের মাঝখানে ভেঙে নিচে পড়ে যাওয়ায়, এখন পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল। তাই ব্রিজটি দ্রুত সংস্কারে পৌর প্রশাসক ও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। অতি দ্রুত ব্রিজটি মেরামতের চেষ্টা থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি