প্রকাশ্য মাদক বেচা-কেনায় আলোচিত বাগেরহাটে এবার ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার বাদেকাড়া পাড়া এলাকায় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)-কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক মুনির হোসেন খোকন ও তার স্ত্রী রেশমা আক্তার দীর্ঘদিন ধরে ভদ্রবেশে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় বাগেরহাট সদর থানার পরিদর্শক এস. এম. জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান।