মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে দগ্ধ হয়ে মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের একটি ডিজেল-পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্টু দত্ত ও মিন্টু দত্তের ওই দোকানে ড্রামে জ্বালানি ভর্তি করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার এবং কাছের একটি সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের মুহূর্তে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্যবসায়ী ও ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।
স্থানীয় হোটেল মালিক সুজন সরকার বলেন, হঠাৎ পাশের দোকানে আগুন দেখতে পাই। এর পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে কিছু বুঝে ওঠার আগেই আমারসহ পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইমদাদুল বলেন, পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা নিজেরা কিছু করার আগেই ফায়ার সার্ভিস এসে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর স্টেশনের দুটি ও আরিচা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ইউনিট মোতায়েন করে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ২০টির বেশি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেকের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদুর রহমান জানান, আগুনে প্রায় ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারি সহায়তা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা