কাউকে না জানিয়ে বুধবার (৪ মার্চ) সকালে আকস্মিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ওই সময় তিনি দেখতে পান যথাসময়েও অফিস তালাবদ্ধ। এ সময় একজন সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও পান প্রতিমন্ত্রী।
এ ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করেছে ভূমি মন্ত্রণালয়। রাতে ওই তিনজনের বদলির আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘‘গতকাল রাতেই তাদের বদলির আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’ বদলির কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘‘প্রতিমন্ত্রী দেরিতে অফিস খোলা, দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ পেয়েছেন, সেসব কারণেই এই সিদ্ধান্ত।’’
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার গণমাধ্যমকে বলেন, ‘‘অফিস টাইম সকাল ৯টায়, কিন্তু এখন সকাল ৯টা ২০ মিনিট—এখন পর্যন্ত কেউ অফিসে আসেনি। ৯টার পরে তারা কেন অফিস খুলবেন? এটা কোনোভাবেই কাম্য নয়। বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’