নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটকের পর মাদ্রাসার শিক্ষকদের মারধরে মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামীয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে কীভাবে মাদ্রাসা শিক্ষকদের মারধরে ওই চোর সন্দেহভাজন ব্যক্তি মারা গেছেন, তা স্থানীয়রাও নিশ্চিত করে বলতে পারছেন না। আবার শিক্ষকদের দাবি, তিনি স্থানীয়দের মারধরে মারা গেছেন। ঘটনার পর প্রতিষ্ঠান প্রধান বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন মহলকে ম্যানেজ করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, নিহত রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি পানি খাওয়ার জন্য মাদ্রাসায় প্রবেশ করেছিলেন। কিন্তু তাকে চোর সন্দেহে আটক করেন মাদ্রাসার শিক্ষক সাব্বিরসহ কয়েকজন। এরপর তাকে আমগাছের সঙ্গে বেঁধে উপর্যুপরি মারধর করা হয়। মারধরের একপর্যায়ে রফিকুল ইসলাম মারা যান। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বিভিন্ন মহলে জোর তদবির করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় জহুরুল নামে একজন বলেন, মাদ্রাসার আশপাশে কোনো বাড়ি নেই। তবে গভীর রাতে মাদ্রাসা থেকে চিৎকারের শব্দ ভেসে আসছিল। সকালে গুঞ্জন ওঠে, সেখানে এক চোরকে মারধর করে হত্যা করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সাব্বির কোনো মন্তব্য করতে চাননি।
এ বিষয়ে প্রসাদপুর দারুল উলুম ইসলামীয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, সেহরির জন্য মাদ্রাসায় রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় অপরিচিত ওই ব্যক্তিকে চোর সন্দেহে শিক্ষক সাব্বিরসহ কয়েকজন আটক করে গাছে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে ফোনে আমাকে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি মারা গেছেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি রফিকুল ইসলাম এলাকায় ছিঁচকে চোর (ছোটখাটো চোর) হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।