image
ছবিঃ সংগৃহীত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টা সেই গফুর নওগাঁ থেকে গ্রেপ্তার

প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে চার বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি আব্দুল গফুরকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার, (০৬ মার্চ ২০২৬) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিন ভোররাতে নওগাঁর ধামইরহাট উপজেলার কার্নাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল গফুর জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী (জিয়ারমোড়) এলাকার মৃত ওমর ফারুকের ছেলে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ মার্চ দুপুরে খাসবাগুড়ী এলাকায় নিজবাড়ির সামনে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী গফুর কৌশলে শিশুটিকে নিজের বাড়ির গোয়ালঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে তার মা ও স্থানীয়রা ছুটে এলে গফুর পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই আসামি গফুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি