image

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে "লণ্ডভণ্ড ভবন", দগ্ধ ৩

সংবাদ অনলাইন রিপোর্ট

সারাদিনের সিয়াম সাধনা শেষে যখন সবাই প্রশান্তির ইফতারে মগ্ন, ঠিক তখনই এক বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠলো নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা।

শুক্রবার (৬ মার্চ) ইফতারের পরবর্তী সময়ে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসই এই কাল হয়ে দাঁড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ার পাশাপাশি আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও "লণ্ডভণ্ড" হয়ে গেছে।

​এই মর্মান্তিক দুর্ঘটনায় ঝুট ব্যবসায়ী শিপন, তাঁর কর্মচারী ছগির এবং ওই ভবনের ভাড়াটিয়া লিটন গুরুত্বর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্রই তাঁরা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে শিপন ও ছগিরের শরীরের একাংশ দগ্ধ হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুর বর্ণনা অনুযায়ী, ইফতারের পরপরই এমন বিকট আওয়াজ তিনি আগে কখনো শোনেননি; পুরো এলাকা মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি‌লো।

​নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, ঝুটের গোডাউনে গ্যাস জমে থাকার কারণেই এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ কাজ করেছেন এবং তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পেছনে কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিস্ফোরণ কেবল একটি ভবনকে ক্ষতিগ্রস্ত করেনি, বরং রমজানের সন্ধ্যায় পুরো এলাকায় এক শোকাবহ ও আতঙ্কিত পরিবেশ তৈরি করেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি