মানিকগঞ্জের শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় কম্প্রেসার বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণে একটি দোকানঘর ও বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) কাউন্টারঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৭মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আরিচা তিন নম্বর ফেরিঘাট বোয়ালী ডাক্তারখানা এলাকার আক্কাস মিস্ত্রি টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে কম্প্রেসার মেশিনটি রেখেছিলেন। হঠাৎ করেই মেশিনটি বিস্ফোরিত হয়।
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে প্রথমে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিস্ফোরণে তার একটি পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত অন্যরা হলেন সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মাসুদ (৪৫), রওশন আরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কম্প্রেসার বিস্ফোরণে আহত মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের ভাই এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
আন্তর্জাতিক: ইরান কখনোই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করবে না: পেজেশকিয়ান