পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের মাহফিল মাঠের উত্তর পাশের খোলা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাঠে জমে থাকা শন (খড় ও লতাপাতা) থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মধ্যে জমে থাকা শন ও শুকনো ঘাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ছারছীনা মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ছারছীনা আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, মাঠে মধ্যে জমে থাকা বিভিন্ন পলিথিনের স্তূপ বা অতিরিক্ত তাপের কারণে শুকনো শনে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই ছাত্র ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে
তিনি আরও বলেন, ছারছীনার মধ্যে আগুন দিতে পারে এমন কেউ নেই।
নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ছারছীনা দরবার শরীফ এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ (ফাল্গুন) এখানে ১৩৬তম বার্ষিক মাহফিল শুরু হতে যাচ্ছে।