image

চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে বেসরকারি ক্লিনিক সিলগালা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে কার্পাসডাঙ্গা বাজার এলাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে অনিয়মের ফিরিস্তি ছিল দীর্ঘ। নার্সের দায়িত্বে যারা ছিলেন তারা কেউই নিবন্ধিত নন। নার্সিংয়ের কোনো প্রশিক্ষণ না থাকলেও তারা রোগীদের শরীরে নানা ধরনের ইনজেকশন প্রয়োগ করতেন। এ ছাড়া পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে যিনি নিয়োজিত ছিলেন, তিনিও অনুমোদিত নন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম বলেন, ‘‘অভিযানের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনাও সঠিকভাবে করা হয়নি। এখানে কর্মরত নার্সও নিবন্ধিত নন। চিকিৎসা সরঞ্জাম ও পরিবেশ এমনভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ।’’

তিনি আরও বলেন, ‘‘উপজেলার সব জায়গায় নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিপূর্ণ, অনিয়ম ও অনুমোদনহীন সব ল্যাব, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ‘‘মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরীক্ষা, নোংরা ও অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’’

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে এ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি