image

ওসমানীনগরে সালিশ বৈঠকে সংঘর্ষে যুবক নিহত, আটক ৬

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেটের ওসমানীনগরে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে বসা সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সামাদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুর (সিকন্দরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উছমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিত্তে কমরপুর (সিকন্দরপুর) গ্রামের রফিক মিয়ার সঙ্গে আব্দুস সামাদের পরিবারের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রফিক মিয়ার বাড়ির পাশের রাস্তা দিয়ে নিহত সামাদের পরিবারের লোকজন যাতায়াত করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করার সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ সালিশ বৈঠক বসে। রাত ১১টার দিকে বৈঠক চলাকালে আবারও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় রফিক মিয়ার পক্ষের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আব্দুস সামাদসহ অপর পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহত অবস্থায় আব্দুস সামাদকে প্রথমে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নিহতের ভাই সুহেল, রুহেল, চাচাতো ভাই আলী ও শ্বশুর আব্দুল গফফারসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাতেই রফিক মিয়া, শফিক মিয়া, আব্দুল কাহির, আব্দুস সত্তার ও আব্দুল কাহিরের দুই ছেলে আব্দুস সামাদ রাহিল ও জাবেদ মিয়াসহ ছয়জনকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি