সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই পরিস্থিতিতে অধিক মুনাফার আশায় সীমান্ত পথে এক শ্রেণির অসাধু চক্র গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এমন প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর অংশ হিসেবে চেকপোস্ট বসানো, বিশেষ টহল জোরদার করা, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকার তিনটি এলসি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। এর ফলে পাথর ও কয়লা বোঝাই বড় ট্রাক বা ডাম্পারগুলো আনলোড শেষে পার্শ্ববর্তী দেশে ফেরার সময় যাতে কোনোভাবেই অবৈধভাবে তেল পাচার করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার কারণে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেল মজুদ ও পাচারের চেষ্টা করতে পারে। এই ঝুঁকি বিবেচনা করে সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি তেল পাচারের উচ্চ ঝুঁকিপূর্ণ রুটগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।
অর্থ-বাণিজ্য: নিরীক্ষার পরই কৃষিঋণ মওকুফ সুবিধা পাবেন কৃষকরা
অর্থ-বাণিজ্য: ব্যাপক দরপতনে বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা
সারাদেশ: মাদারীপুরে খড়ার আগুনে পুড়ছে বোরো খেত