দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির উপযোগী করে তুলতে কৃষি বিজ্ঞানীদের আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ। সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের কৃষি গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন।
শনিবার (৭ মার্চ) বিকেলে জাতীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নাটা) আয়োজিত কৃষি বিজ্ঞানীদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ১২০ জন বিজ্ঞানী এ চার মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটার মহাপরিচালক সাইফুল আজম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম।
এর আগে কৃষি সচিব গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন এবং সেখানে বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বারিতে মতবিনিময়কালে সচিব রফিকুল ই মোহামেদ বলেন, ‘‘এশিয়ার অন্যান্য উন্নত দেশের মতো আমাদের কৃষিকেও সমানতালে এগিয়ে নিতে হবে। এ জন্য গবেষণার ক্ষেত্রে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।’’
বাংলাদেশের কৃষিতে বিজ্ঞানীদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
বারি সদর দপ্তরে পৌঁছালে কৃষি সচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান ও অন্যান্য পরিচালকেরা। সচিব বারির বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মহাপরিচালকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বারির বর্তমান কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জনগুলো নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এ সময় বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দেশের কৃষিখাতের উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণার বিভিন্ন দিক সচিবের সামনে তুলে ধরেন।
খেলা: যেভাবে ফাইনালে ভারত