গাজীপুর মহানগরের বাসন থানার বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি ঝুটবোঝাই ট্রাক ও এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিটিপাড়া এলাকার ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মীর নিয়ন্ত্রণে ছিল। এই ব্যবসা থেকে পাওয়া লভ্যাংশের একটি অংশ এলাকার প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে বিতরণ করা হতো বলে অভিযোগ রয়েছে।
শনিবার সকালে খান ট্রেডিংয়ের মালিক কৌশিক খানের সঙ্গে কারখানার ঝুট ক্রয়-বিক্রয়ের চুক্তি অনুযায়ী তিনি ঝুট নিতে গেলে নতুন করে এই বিরোধের সূত্রপাত হয়। চৌরাস্তা এলাকার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে একটি পক্ষ কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় অপর একটি পক্ষ বাধা দেয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় অংশ নেওয়া অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় উত্তেজিত জনতা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ঝুটবোঝাই একটি ট্রাক ও ঘটনাস্থলে উপস্থিত এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘‘ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযোগের বিষয়ে শরীফ আজাদ পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খেলা: যেভাবে ফাইনালে ভারত