তাড়াশ পৌরশহরে অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ের দাবি শোনা গেলেও বাস্তবতার চিত্র যেন ভিন্ন এক গল্প বলছে। উন্নয়নের নানা পরিকল্পনা ও প্রকল্পের কথা আলোচনায় থাকলেও গুরূত্বপূর্ণ সড়কগুলোর করণ অবস্থা দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
পৌর শহরের শ্রমিক অফিস সংলগ্ন তিন রাস্তার মোড়ের উত্তর পাশে অবস্থিত ওয়াপদা বাঁধ আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত ও ভাঙা চোরা অংশ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাধারে পরিণত হয়। ফলে পথচারী, শিক্ষার্থী এবং যানবাহন চালকদের প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির বর্তমান অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য উদ্যোগ নিলেই এটি চলাচলের উপযোগী করা সম্ভব। তাদের মতে, বড় কোনো প্রকল্প ছাড়াই অস্থায়ী ভাবে এক থেকে দুই ট্রাক খোয়া ও বালু ফেললেই আপাতত সমস্যার সমাধান হতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
এলাকার ব্যবসায়ীরা জানান, পৌরসভা থেকে প্রত্যাশিত নাগরিক সেবা না পেলেও নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করতে হয়। অথচ সড়কের বেহাল অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে যাওয়ায় ব্যবসায়িক কর্মকাণ্ডে ও নেতিবাচক প্রভাব পড়ছে। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান।
দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরাও। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। রোগী বহনকারী যানবাহনের চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। জরুরি মুহূর্তে দ্রুত গন্তব্যে পৌঁছাতে না পারায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে জনজীবনে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।
স্থানীয়দের মতে, পৌর শহরের উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিভিন্ন সময় উন্নয়ন কাজের ঘোষণা দেয়া হলেও বাস্তবে তার দৃশ্যমান প্রতিফলন খুব একটা চোখে পড়েনা। এতে করে পৌরবাসীর আস্থায় ধীরে ধীরে ভাটা পড়ছে।
এ প্রসঙ্গে তাড়াশ পৌর বিএনপির সাবেক সভাপতি তপন গোস্বামী বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে মারাত্মক ভাবে ব্যাহত করছে।
তিনি আরও বলেন, একটি জনপদের মানুষের জন্য নিরাপদ ও চলাচল যোগ্য সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগীকরা হোক।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খেলা: যেভাবে ফাইনালে ভারত