কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিশুটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তাইবা (৭) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তার মরদেহটি ভেসে ওঠে।
নিহত তাইবা ওসমানপুর এলাকার ফারুকের মেয়ে। সে ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসল করতে নামে। সাঁতার কেটে তারা নদীর মাঝখানে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের তোড়ে ভেসে যায়।
এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে গিয়ে সামিয়া ও সুমাইয়া নামের দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু তাইবা ও সুরাইয়া (৮) নামের অপর দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।
নিখোঁজ সুরাইয়া একই এলাকার সোহেলের মেয়ে। সেও ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
দুই শিশু নিখোঁজের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নদীর তীরে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী বলেন, ‘‘নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ আমরা উদ্ধার করেছি। অপর শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন।’’
অপরাধ ও দুর্নীতি: শেখ হাসিনাসহ ৬ আসামির পক্ষে ‘স্টেইট ডিফেন্স’ নিয়োগের আবেদন প্রসিকিউশনের
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া ৩টি বার্তা দিল চীন
অর্থ-বাণিজ্য: উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বাড়লো