image

জেলায় জেলায় নারী দিবসে নানা কর্মসূচি : ‘‘নারী ও কন্যার অধিকার সুরক্ষার অঙ্গীকার’’

সংবাদ অনলাইন রিপোর্ট

‘‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা, রাজবাড়ীর গোয়ালন্দ ও রংপুরের তারাগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ মার্চ)দিবসটি উপলক্ষে এসব এলাকার স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পৃথক পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে এসব অনুষ্ঠানে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা।

মাগুরা : মাগুরায় ‘‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম সান্তনু চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল।

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তারা নারী ও কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান।

অপরদিকে, জেলা স্টেডিয়ামের সামনে সকাল সাড়ে নয়টায় এডাব মাগুরা জেলা শাখার উদ্যোগেও একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী, সদস্য কল্যাণী বিশ্বাস, কাজী মফিজুল ইসলাম ও মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন নাহার এবং গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি এসআই নাজিমউদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

তারাগঞ্জ (রংপুর : রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা তথ্য কর্মকর্তা কোহিনুর আক্তার বৃষ্টি।

বক্তারা নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, নারী ও কন্যার অধিকার সুরক্ষিত থাকলেই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি