image

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আটটার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে জীবনপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহর ছেলে রফিকুল ইসলামের দশ বছর বয়সী মেয়েকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী জাহিদুল ইসলাম। এ সময় শিশুটি চিৎকার করলে ভয়ে জাহিদুল তাকে ছেড়ে দিলে সে ছুটে গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে এলাকাবাসী মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সলিম রেজো সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। একই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং শিশুটির শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি