মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব দেশে পাঠানো রেমিট্যান্সের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার কথা জানান।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ রেমিট্যান্সে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘‘স্বাভাবিকভাবেই কিছু প্রভাব পড়বে।’’
তবে সরকার প্রবাসী আয় পাঠানো কর্মীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ‘‘এসব উদ্যোগ খুব দ্রুতই বাস্তবায়িত হবে এবং এর ফলাফল আপনারা অচিরেই দেখতে পাবেন।’’
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপদ রাখা এবং তাদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা। কেউ আহত হলে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও আমরা বিবেচনা করছি।’’
তিনি আরও জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যান মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ‘‘আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি,’’ বলেন তিনি।
এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘তাদের মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে এবং আমরা তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’’
বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘যেসব বাজার বন্ধ হয়ে গেছে সেগুলো আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমানে যুদ্ধ ও রমজানের কারণে মধ্যপ্রাচ্যে সে কাজ সম্ভব হচ্ছে না, তাই আমরা বিকল্প হিসেবে পূর্বের দিকে মনোযোগ দিচ্ছি। আশা করছি, আগামী মাস থেকে এ প্রচেষ্টা আরও গতি পাবে।’’
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু