image

ডাসারে বসতবাড়িতে বোমা হামলা-ভাঙচুর, আহত ৫

প্রতিনিধি, কালকিনি, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে কয়েকটি বসতবাড়িতে বোমা ফাটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল গ্রামটির কয়েকটি বাড়িতে এ হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।

ভুক্তভোগী ওই এলাকার প্রবাসীদের স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা অভিযোগ করে বলেন, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ, দীলিপ মাতুব্বরসহ আরও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাটের সময় প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। এছাড়া পরিবারের সদস্যদের মারধর করলে পাঁচজন আহত হন। আহতরা হলেন, নয়ন মল্লিক, খাদিজা বেগম, আসমা, জীবন নেসা ও রেশমা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

অভিযোগের বিষয়ে শহিদুল মাতুব্বরের পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি