কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর ইনজামুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, ‘‘সরকারি সেবার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে।’’ একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম জোরদার করা হবে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু