কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সানি শেখ সাগর (২৭)। তিনি চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘‘পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’’
তৌফিক আরও বলেন, ‘‘আমার ভাইয়ের সঙ্গে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমাকে মেরেছে, ভাই ছুটে আসবে—সেজন্য মেরেছে। আমি বলছি না, এরাই আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু সকালে এদেরকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখেছি।’’
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দুই পরিচিতজন জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, ‘‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষতচিহ্ন বেশি।’’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ‘‘হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’’
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু