image

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে গাজীপুর সিটির প্রশাসক

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। রোববার (৮ মার্চ) সকালে তিনি মহানগরের জয়দেবপুর বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে পণ্যের দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন নিত্যপণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি ও ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করে দেখেন। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে যাতে কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিত বাজার মনিটরিং করছে।

তিনি আরও বলেন, ‘‘আমরা চাই রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা অনিয়ম করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

শওকত হোসেন সরকার বলেন, ব্যবসায়ীদেরও সামাজিক দায়িত্ব রয়েছে। রমজানের মতো সংযমের মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান প্রশাসকের সঙ্গে বাজার পরিদর্শনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সিটি কর্পোরেশন প্রশাসন, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও জানান, বাজারে মূল্যতালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীও প্রশাসকের সঙ্গে বাজার তদারকি কার্যক্রমে অংশ নেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি