গাজীপুরের শ্রীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে লাইফ কেয়ার হাসপাতাল ভাঙচুর করেছে প্রসূতির স্বজনরা।
রবিবার (৮ মার্চ) দুপুরে মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে উপজেলার উজিলাব গ্রামের রুমা আক্তার নামে এক প্রসূতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর থেকেই প্রসূতি রুমাকে অপারেশন থিয়েটারে পর্যবেক্ষণে রাখা হয়।
দীর্ঘ সময় পার হলেও রুমার সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে নারী স্বজনরা জোর করে অপারেশন থিয়েটারের ভেতরে গিয়ে রুমাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকে বলে অভিযোগ করেন স্বজনরা।
রোগীর স্বজনদের চাপের মুখে সোমবার (৯ মার্চ) ভোর ৫টার দিকে প্রসূতি রুমাকে মৃত অবস্থায় উত্তরার একটি হাই কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে বিক্ষুব্ধ স্বজনরা মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা করে দেন।
প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।
এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ।
সারাদেশ: সিলেটে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ১
অপরাধ ও দুর্নীতি: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব