কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে একযোগে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (৮ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। সোমবার (৯ মার্চ) সকালে অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তা ও কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় সবাই হতবাক।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, তিনটি দপ্তরে একযোগে চুরি হলেও ঘটনাটি পর্যায়ক্রমে ঘটেছে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজা ও জানালার গ্রিল ভেঙে চোররা প্রবেশ করে। আলমারিতে রাখা নথিপত্র ও ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
তবে কোন গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। একই সাথে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। রহস্য উদঘাটনে তারা তদন্ত শুরু করেছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, “ঘটনার পর সব দপ্তর পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
সারাদেশ: সিলেটে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ১
অপরাধ ও দুর্নীতি: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব