image

ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সুনামগঞ্জের ছাতক উপজেলার তিররাই গ্রামে অবস্থিত শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ায় বার্ষিক মাতৃপূজা ও দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) সনাতন ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে জন্মদাত্রী মায়ের আরাধনা করেন সন্তানেরা।

এ মাতৃপূজা ও দোল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজেশ ভাটিয়া, দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা-সহকারী ভারতীয় হাইকমিশন)।

অনুষ্ঠানের শুরুতে আয়োজক ও এলাকাবাসীর পক্ষ থেকে অতিথিদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং বিভিন্ন কার্যক্রম শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বৈদিক মন্ত্রোচ্চারণ ও গীতাপাঠের পর মাতৃপূজা অনুষ্ঠিত হয়। মাতৃপূজায় সন্তানেরা তাদের জন্মদাত্রী মাকে সম্মুখে আসনে বসিয়ে মাতৃ-মর্যাদায় বন্দনা ও স্তুতি পাঠ করেন। তারা অষ্টাঙ্গ ভক্তির মাধ্যমে মাকে সম্মান জানান। মাতৃপূজায় অংশগ্রহণকৃত সকল মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত রেখে চিরমঙ্গলময় জীবনের আশীর্বাদ দেন।

স্থানীয়রা জানান, সনাতন রীতি অনুযায়ী এই মাতৃপূজার মাধ্যমে নারীর মাতৃস্বত্ত্বার মর্যাদাকে সমাজ শিক্ষার অংশ হিসেবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মধ্যে গভীর ভক্তি ও আনন্দের আবহ লক্ষ্য করা যায়। দোল উৎসব উপলক্ষে ভক্তি-সংগীত, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ার সাধারণ সম্পাদক শ্রী প্রণব রঞ্জন দাস জানান, সমাজে মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও সম্প্রীতি জাগ্রত রাখার লক্ষ্যে প্রতিবছরই এই আয়োজন করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সংকট, গ্রাহকদের মধ্যে আতঙ্ক

সম্প্রতি