image

যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেট নগরী থেকে এক যুবককে অপহরণ করে গোপন আস্তানায় জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সুহেল সরকার (২২)-কে ১৪ থেকে ১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে নগরের তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে ধারালো ছুরি ও কাঁচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করা হয়।

একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ভিকটিমের পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি থানায় জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে সুহেল সরকার বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাঁতিপাড়ার ওই বাসার দ্বিতীয় তলা থেকে ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ জনকে আটক করে।

আটকরা হলেন— সিলেট জেলার মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলপুর এলাকার মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯) (বর্তমানে হাওয়াপাড়া এলাকায় বসবাস), জালালাবাদ থানার আমানতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯) (বর্তমানে শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকায় বসবাস), চৌকিদেখী এলাকার আনোয়ার মিয়ার ছেলে জাকির হোসেন (১৯), কোতোয়ালী থানার কাজীটুলা এলাকার আবুল হোসেনের ছেলে মারজান (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার রায়সত্তরপুর এলাকার সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮) (বর্তমানে এয়ারপোর্ট থানার হাউজিং স্টেট এলাকায় বসবাস), হাওয়াপাড়া এলাকার রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), শাহপরাণ থানার শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকার রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং হাওয়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮)।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (৪২) নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে দুই ভিকটিমের দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত কাঁচি, ছুরি ও লোহার রুল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুল জাকির।

‘সারাদেশ’ : আরও খবর

» রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সংকট, গ্রাহকদের মধ্যে আতঙ্ক

সম্প্রতি