image

পর্যাপ্ত পেট্রোল মজুদ আছে, পর্যায়ক্রমে সরবরাহ করা হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে জ্বালানি তেলের সংকট নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তার কারণেই পেট্রোল পাম্পগুলোতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এটি কোনো বড় সমস্যা নয়। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে এবং পর্যায়ক্রমে তা সরবরাহ করা হবে।

সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার চেষ্টা করছে। এ বিষয়ে সরকারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সকল গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে—এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করবে এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবে।

সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্ম করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।

সভায় প্রতিমন্ত্রী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো রাজনৈতিক তদবির আমলে নেওয়া হবে না।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হোন। তালিকা অনুযায়ী অপরাধীদের আটক করুন। তবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে আপনাদের সঙ্গে আছি।”

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য কামরুল হাসন মিলন, গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্ছু, হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ফুলপুর আসনের সংসদ সদস্য মাহমুদুল্লাহ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সংকট, গ্রাহকদের মধ্যে আতঙ্ক

সম্প্রতি