image

সাঁথিয়ায় দুর্বৃত্তের বিষ প্রয়োগে ৬ বিঘার পেঁয়াজক্ষেত নষ্ট

প্রতিনিধি, পাবনা

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ছয় বিঘা জমির পেঁয়াজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ছয় থেকে সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল উদ্দিন।

ঈদের পরই ঘরে তোলার কথা ছিল পেঁয়াজ। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে স্বপ্ন বুনেছিলেন কৃষক হেলাল। কিন্তু গত রোববার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন, কে বা কারা তার পুরো পেঁয়াজক্ষেতে বিষ প্রয়োগ করে গেছে। জমির পেঁয়াজগাছ মরে যাচ্ছে এবং পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল উদ্দিন বলেন, ‘‘১৬ থেকে ১৭ দিন পরই পেঁয়াজ তোলার কথা ছিল। কিন্তু কেউ বা কারা রাতে জমিতে বিষ দিয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এই পেঁয়াজ চাষ করেছিলাম। এখন সব নষ্ট হয়ে যাওয়ায় আমি পথে বসে গেছি। এই ঋণ শোধ করবো কীভাবে? যারা এই কাজ করেছে, তাদের কঠোর শাস্তি চাই।’’

স্থানীয় কৃষক আলতাব হোসেন ও রজব আলী জানান, জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে পেঁয়াজক্ষেত নষ্ট করা হয়েছে। তারা বলেন, ‘‘এটি শুধু অপরাধ নয়, এটি একটি কৃষকের জীবনের ওপর সরাসরি আঘাত। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।’’

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন আলী জানান, সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বিষ প্রয়োগের ফলে পেঁয়াজের শিকড় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই পেঁয়াজ আর রক্ষা করা যাবে না এবং ভুক্তভোগী কৃষকের প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ক্ষতি হবে।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা দেব এবং তাকে উৎসাহিত করা হবে, যাতে তিনি তার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।’’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি