পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে ডালডা, ইউরিয়া, ডিটারজেন্ট ও হাইড্রোজেন পারঅক্সাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নকল দুধ ও ঘি তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সোমবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ডেমরা বাজারে এ যৌথ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক ও ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ডেমরা কেয়া ডেইরিতে অভিযান চালিয়ে ডিটারজেন্ট পাউডার ও হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে নকল দুধ তৈরির দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার আদেশ দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন।
পাশ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে আমিনা ডেইরি ও প্রিমিয়াম ফুডকেও জরিমানা করা হয়। ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণের দায়ে আমিনা ডেইরিকে ৩০ হাজার ও প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘‘পাবনার ফরিদপুরের ডেমরাসহ বিভিন্ন স্থানে ভেজাল দুধ ও ঘি তৈরির খবর পেয়ে আমরা অভিযান চালাই। ভেজাল প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ ও অপর দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘এ অঞ্চল ভেজাল দুধ ও ঘিতে সয়লাব হয়ে গেছে। ভেজাল রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হতে হবে।’’
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন জানান, নকল দুধ ও ঘি উৎপাদনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে।
তিনি বলেন,‘‘যেখান থেকেই অভিযোগ আসছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।’’
নগর-মহানগর: পুলিশের পাহারায় চলছে জ্বালানি তেল বিক্রি