নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই ও রাজবাড়ীর পাংশায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ : বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল ফ্যামিলি কার্ড প্রদান। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়তার পরিচয় দিয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জায়গাতেই এটি চালু করা হবে।
সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিটি অঙ্গীকার দেশের সামগ্রিক উন্নয়নকে মাথায় রেখেই নেওয়া হয়েছে এবং বর্তমান সরকারের এই মেয়াদকালের মধ্যেই সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে দেশের সাধারণ মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে বেছে নেওয়া হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাছাইকৃত ৬৯৭টি পরিবারের হাতে প্রাথমিকভাবে আজ এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এছাড়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী : পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২০১ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর পাঁচজন উপকারভোগীর হাতে রেপ্লিকা ফ্যামিলি কার্ড তুলে দিয়ে স্থানীয় পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সেখানে সকল উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হবে।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুন, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।
নগর-মহানগর: পুলিশের পাহারায় চলছে জ্বালানি তেল বিক্রি