জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়েছে। নওগাঁর সাপাহার, বাগেরহাটের শরণখোলা ও ময়মনসিংহের ত্রিশাল ও রংপুরের তারাগঞ্জে মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সব কর্মসূচি পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’’।
সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। মহড়ায় নেতৃত্ব দেন সাপাহার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কমান্ডার এসলাম হোসেন। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দ্রুত মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফতাবী আলম। সভা শেষে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে অগ্নিনির্বাপণ বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম ও ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান প্রমুখ।
তারাগঞ্জ (রংপুর) : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
নগর-মহানগর: পুলিশের পাহারায় চলছে জ্বালানি তেল বিক্রি