বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে চোরাকারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবির প্রতিরোধে এক চোরাকারবারিও আহত হন।
গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ রেইক্কাশিয়া পোস্টসংলগ্ন দুর্গম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১-বিজিবি) সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ রেইক্কাশিয়া পোস্ট এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় প্রায় ৩০ থেকে ৪০টি মিয়ানমারের গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারিদের একটি সংঘবদ্ধ দল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ল্যান্স নায়েক মো. রাজু ও সিপাহি মো. শরিফ আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে মো. ইসমাইল নামে এক চোরাকারবারি আহত হয়।
আহত দুই বিজিবি সদস্যকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১-বিজিবি) সদর দপ্তরের এমআই রুমে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। অপরদিকে আহত চোরাকারবারি মো. ইসমাইল স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় মো. ইসমাইলসহ ১০ থেকে ২০ জন অজ্ঞাত চোরাকারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলের বিরুদ্ধে আগেও চোরাচালানের একাধিক মামলা রয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।
স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে গরু, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখেও এসব চক্র মাঝেমধ্যে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে