মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বিদ্যালয়ের জায়গা দখল করে অবৈধভাবে বসানো ছাগলের হাট উচ্ছেদ করেছে সাটুরিয়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন অভিযান চালিয়ে এই হাটটি বন্ধ করে দেন। এই সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে প্রভাবশালী একটি চক্র নিয়মিত ছাগলের হাট বসিয়ে আসছিল। এতে পার্শ্ববর্তী সড়কেসহ সাটুরিয়া স্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার দুপুরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।ভবিষ্যতে বিদ্যালয়ের জায়গায় এ ধরনের কোনো বাজার না বসানোর জন্য সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইকবাল হোসেন সাংবাদিকদের জানান: এটি
"শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ হাটের জন্য নয়। এই হাটের কারণে পার্শ্ববর্তী সড়কসহ সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। তাই এই ছাগলের হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় অবৈধভাবে সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিদ্যালয়ের জায়গায় পশুর হাট উচ্ছেদের এই সংবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।