জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা থাকলেও ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন বিপণিবিতানসহ কোনো কোনো মার্কেটে আলোক সজ্জা করা হয়েছে । আইনের প্রয়োগ না থাকায় বিপণিবিতানগুলো নির্দেশনা মানছেনা। স্থানীয় বিদ্যুত বিভাগের নজরদারি না থাকায় আলোক সজ্জার পরিধি বাড়ছে । এ অবস্থায় শহরতলীসহ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে জনমনে।
সিরাজগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে সহকারী প্রকৌশলী রাশেদ মিয়া গত মঙ্গলবার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এক শ্রেণীর ব্যবসায়ী আইন মানছে না। তারা বিপনীবিতানগুলোয় আলোক সজ্জা করেছে এবং এর পরিধি বাড়ছে।
আলোকসজ্জা খুলে ফেলার জন্য মাইকিং করা হবে বলে তিনি জানান । এরপরও যারা আলোক সজ্জা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার, (১২ মার্চ ২০২৬) দুপুর পর্যন্ত মাইকিংসহ কোনো অভিযানে নামতে দেখা যায়নি বিদ্যুৎ বিভাগকে । আসলেই বিদ্যুৎ বিভাগ অভিযানে নামবে কিনা সচেতন মহলে সন্দেহের সৃষ্টি হয়েছে ।