image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শীতলক্ষ্যার পানি ডাবের সঙ্গে তুলনা হতো, এখন নাক চেপে পার হতে হয়: নাসিক প্রশাসক

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, একসময় শীতলক্ষ্যা নদীর পানি এতটাই পরিষ্কার ছিল যে তা ডাবের পানির সঙ্গে তুলনা করা হতো। নারায়ণগঞ্জের অনেক মানুষ সেই পানি পানও করতেন। কিন্তু‘ বর্তমানে নদীর পানি এতটাই দূষিত ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে যে শীতলক্ষ্যা পার হতে হলে নাক চেপে যেতে হয়।

গতকাল নগর ভবনের সম্মেলন কক্ষে পরিবেশবাদী সংগঠন ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ আয়োজিত প্লাস্টিক বর্জ্য ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, একসময় শীতলক্ষ্যা নদী মাছের প্রাচুর্যে ভরপুর ছিল। ১০-১৫ বছর আগেও জেলেরা নদীতে মাছ শিকার করতেন। কিন্তু‘ দূষণের কারণে এখন সেই অবস্থা আর নেই। তিনি বলেন, নদী ও খাল পুনরুদ্ধারে কাজ করতে গিয়ে খননের সময় টনে টনে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যাচ্ছে, যা পরিবেশ দূষণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেলেও এর ক্ষতিকর প্রভাব কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম ইতোমধ্যেই পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যেতে হলে এখনই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হতে হবে। এ জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার প্রয়োজন রয়েছে।

সভায় প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক মানবদেহের বিভিন্ন অংশে, এমনকি মানব ভ্রুণ ও মস্তিষ্কেও পাওয়া যা হচ্ছে। তাই প্লাস্টিককে শুধু বর্জ্য হিসেবে নয়, একটি সম্পদ হিসেবে বিবেচনা করে পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে ও নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজর, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের কো-ফাউন্ডার আলোকচিত্রশিল্পী জয় কে রায় চৌধুরী এবং মঈন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মুনতাসির মঈনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা

সম্প্রতি