image

নিরাপদ ঈদযাত্রায় পুলিশের একগুচ্ছ নির্দেশনা

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ ও নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণের পরিকল্পনা করার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য কড়াকড়িভাবে বলা হয়েছে।

রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়ার পাশাপাশি চালকদের দ্রুত গতিতে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করতে বলা হয়েছে যাত্রীদের। এছাড়া ভ্রমণে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য সতর্ক করেছে পুলিশ।

পরিবহন চালক ও শ্রমিকদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, কোনোভাবেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করা যাবে না। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির সব প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখতে হবে। বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী না তোলা এবং মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নৌপথের যাত্রীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত যাত্রী হয়ে কোনোভাবেই নৌযানে ওঠা যাবে না এবং লঞ্চের ছাদে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার পাশাপাশি স্পিডবোটে চলাচলের সময় অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহারের কথা বলা হয়েছে। যাত্রাপথে ঝড় শুরু হলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করে নিজ নিজ অবস্থানে স্থির থাকতে বলা হয়েছে।

লঞ্চ ও নৌযান চালকদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস জেনে তবেই বন্দর ত্যাগ করতে হবে। ডেকের ওপর যাত্রীদের বসার স্থানে কোনো মালামাল পরিবহন করা যাবে না এবং নৌযানে পর্যাপ্ত বয়া ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে।

ঝড়ের আশঙ্কা দেখা দিলে দ্রুত নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং সবসময় রেডিও বা মোবাইল ফোনের মাধ্যমে আবহাওয়ার খবর রাখতে হবে। অগ্নিনির্বাপক যন্ত্রপাতি সঠিক রাখা এবং দুর্ঘটনা ঘটলে দ্রুত শনাক্ত করার সুবিধার্থে দীর্ঘ দড়িসহ বয়া ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রেন যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে পুলিশ। ট্রেনের ছাদ, বাফার, ইঞ্জিন বা পাদানিতে ঝুলে ভ্রমণ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। ট্রেন চলাকালীন পাথর নিক্ষেপের বিষয়ে যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি নিজ নিজ মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিনা টিকেটে ট্রেন ভ্রমণ দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে সবাইকে টিকেট সংগ্রহ করে যাতায়াত করার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

‘সারাদেশ’ : আরও খবর

» প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা

সম্প্রতি