যশোরের চৌগাছায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পেয়ারা বাগানের গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দেবীপুর গ্রামের বাসিন্দা পিন্টু মিয়া (৩৭)।
অভিযোগে উল্লেখ করা হয়, পৈত্রিক সম্পত্তির ভাগবণ্টন নিয়ে পিন্টু মিয়ার বাবা ও তার চাচা মোফাজ্জেল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
পিন্টু মিয়ার দাবি, চৌগাছা থানাধীন আরাজী সুলতানপুর মৌজায় আর কে ইটভাটা সংলগ্ন তার বাবার ১০ কাঠা জমিতে তিনি পেয়ারা চাষ করে আসছেন। ওই বিরোধের জের ধরে গত ১২ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে মোফাজ্জেল হোসেন তার চাষকৃত জমির পেয়ারা গাছ কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে দেবীপুর গ্রামের ইকবাল হোসেন (৩০) ও রবিউল ইসলামসহ (৬৫) স্থানীয় আরও কয়েকজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পিন্টু মিয়া অভিযোগ করেন, বিবাদী উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় যেকোনো সময় তার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করতে পারেন। এতে বাধা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খেলা: এসএসপিএল ফিদে রেটিং দাবা