image

১০ টাকার নতুন নোট বাজারে

সংবাদ অনলাইন রিপোর্ট

নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়লো বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ আর ‘গ্রাফিতি ২০২৪’-এর শিল্পকর্মসহ এই নোটটি বাজারে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ছাড়া হয়। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিরিজের ১০ টাকার নোটে আধুনিক নান্দনিকতা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নতুন নোট বিতরণ করা হবে।

জানা যায়, নোটটিতে নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, ২ মিলিমিটার চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, সি-থ্রু ইমেজ ও মাইক্রোপ্রিন্ট। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি