দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভের পরিমাণ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
এরই ধারাবাহিকতায় বুধবার দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে নতুন করে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার বাজার থেকে ডলার কেনার ক্ষেত্রে ‘কাট-অফ’ রেট বা বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এর আগে চলতি সপ্তাহের সোমবারও ১৬টি ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ ডলার সংগ্রহ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম কয়েক দিনেই বাজার থেকে মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কেনা হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে জানান, বুধবার ১৭ কোটি ১০ লাখ ডলার কেনার ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাজার থেকে ডলার ক্রয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৩ মিলিয়ন বা ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে। তিনি আরও জানান, মুদ্রাবাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত তারল্য থাকায় কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে এই মুদ্রা সংগ্রহ করছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, গত জানুয়ারি মাসেও কয়েক দফায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে বড় অংকের ডলার কিনেছিলো বাংলাদেশ ব্যাংক। গত ২৯ জানুয়ারি ৫৫ মিলিয়ন ডলার, ২০ জানুয়ারি ৪৫ মিলিয়ন ডলার এবং ১২ জানুয়ারি ৮১ মিলিয়ন ডলার কেনা হয়েছিলো। মূলত রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহের কারণে ব্যাংকগুলোর কাছে বর্তমানে ডলারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এই সুযোগে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে আমদানির দায় মেটাতে ও টাকার মান ধরে রাখতে সহায়ক হবে।