নির্বাচনের পর চাঙ্গা শেয়ারবাজার: ২০ মিনিটেই ২২৬ কোটি টাকার লেনদেন

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। দীর্ঘ চার দিন বন্ধ থাকার পর রোববার লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক উত্থানের আভাস মিলছে। লেনদেনের শুরুতেই বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে মাত্র ২০ মিনিটে বাজারটিতে লেনদেন ছাড়িয়েছে ২২৫ কোটি টাকার বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের সফল সমাপ্তি এবং নতুন সরকার গঠনের প্রাক্কালে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার সঞ্চার হয়েছে। আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ঊর্ধ্বমুখী হতে থাকে। মাত্র ২০ মিনিটের মাথায় সূচকটি ১১০ পয়েন্টের বেশি বেড়ে ৫ হাজার ৫১১ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। অথচ নির্বাচনের আগের সপ্তাহগুলোতে দেখা গেছে, পুরো সাড়ে চার ঘণ্টার লেনদেনেও অনেক সময় ২০০ কোটি টাকার ঘর অতিক্রম করতে হিমশিম খেয়েছে বাজার।

বাজারের চিত্র বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশেরই শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এ সময়ের মধ্যে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে দাম কমেছে মাত্র ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইর অন্য দুটি সূচকের মধ্যেও ইতিবাচক ধারা দেখা গেছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের এই গতি অব্যাহত থাকলে দিনশেষে বড় ধরনের “টার্নওভারের” আশা করছেন বিনিয়োগকারীরা।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» নির্বাচনের পর চাঙ্গা শেয়ারবাজার: ২০ মিনিটেই ২২৬ কোটি টাকার লেনদেন

সম্প্রতি