দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এ নিয়ে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের মধ্যে আজ সোমবার চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম চুক্তিতে সই করেন। এ চুক্তির মাধ্যমে পাওয়া যাবে ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার। পিকেএসএফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থ পিকেএসএফের রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই) প্রকল্পের অতিরিক্ত তহবিল হিসেবে যুক্ত হবে। ২০২২ সালে ২৫ কোটি মার্কিন ডলারের তহবিল নিয়ে যাত্রা শুরু হয় এ প্রকল্পের। এর মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের জুন মাসে।
নতুন অর্থায়নের ফলে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়বে। এতে প্রকল্পের বাজেট দাঁড়াবে ২৮ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার। এ প্রকল্পের আওতায় চার লাখের বেশি মানুষ সরাসরি এবং আরও চার-পাঁচ গুণ মানুষ পরোক্ষভাবে উপকৃত হবেন।
বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নের পর অবশিষ্ট অর্থ জোগান দেবে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহ। অর্থাৎ, ২০২২ সাল থেকে শুরু করে ২০৩০ সাল পর্যন্ত আরওআইএসই প্রকল্পের সর্বমোট বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার সমপরিমাণ।
পিকেএসএফ বলছে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ফলে গুরুত্ব দেওয়া হবে চর, হাওর, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকা, পার্বত্য এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলের তরুণদের। অনানুষ্ঠানিক খাতে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ‘হোম-বেজড চাইল্ড কেয়ার সেন্টার’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় তরুণদের বাজার-চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলে হাতে-কলমে কাজ শেখানোর মাধ্যমে তাঁদের বাস্তব দক্ষতা বাড়ানো হচ্ছে।