image

ভোক্তা অধিকারের অভিযানে বাধা: সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে ক্যাবের হুঁশিয়ারি

সংবাদ অনলাইন রিপোর্ট

নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার রাষ্ট্রীয় প্রচেষ্টায় বড় ধরনের বাধার মুখে পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত ১৮ ফেব্রুয়ারি চকবাজারের মৌলভীবাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করতে গিয়ে একদল অসাধু ব্যবসায়ীর তোপের মুখে পড়ার ঘটনা ঘ‌টে।

এরই প‌রি‌প্রেক্ষি‌তে রোববার তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত একটি স্মারকলিপি আজ দুপুরে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দপ্তরে জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে ঘটনার দিনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মেসার্স দেওয়ান ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান মাত্র ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে দেয় এবং বৈধ কোনো ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হয়। সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল যখন আইন অনুযায়ী জরিমানা আরোপ করেন, তখন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টোর নেতৃত্বে ব্যবসায়ীরা হইচই সৃষ্টি করে পুরো মার্কেট বন্ধের হুমকি দিয়ে অভিযান পণ্ড করার চেষ্টা করেন।

​ক্যাব এই ঘটনাকে কেবল সরকারি কাজে বাধা হিসেবে নয়, বরং সাধারণ ভোক্তার অধিকার হরণের এক চরম ধৃষ্টতা হিসেবে অভিহিত করেছে।

স্মারকলিপিতে স্পষ্টভাবে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাজারে তদারকি কার্যক্রম নির্বিঘ্ন করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ক্যাব মনে করে, অসাধু ব্যবসায়ী সংগঠনগুলোর জবাবদিহিতা নিশ্চিত না করলে আসন্ন রমজানে কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে পণ্য কেনা বেচায় ক্যাশ মেমো দেখা‌নো বাধ্যতামূলক করার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

​এই পরিস্থিতিতে সরকার যদি বাজার মনিটরিংয়ে নমনীয়তা দেখায়, তবে সিন্ডিকেট আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্যাব নেতৃবৃন্দ।

আজকের এই স্মারকলিপি দেওয়ার মাধ্যমে নাগরিক সমাজ সরকারের প্রতি এই বার্তাই দিয়েছে যে, বাজার সিন্ডিকেট দমনে কেবল জেল-জরিমানা নয়, বরং মাঠপর্যায়ে প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা বহুগুণ বাড়াতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয় ক্যাবের এই স্মারকলিপিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি