image

জাতীয় স্বার্থ রক্ষা করেই এনসিটি নিয়ে চুক্তি: বিডা চেয়ারম্যান

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি স্পষ্ট করেছেন, কেবল দেশের স্বার্থ সুরক্ষিত থাকলেই এই সংক্রান্ত চুক্তি করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এনসিটি চুক্তি নিয়ে বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিডা চেয়ারম্যান বলেন, বিষয়টি এমন নয় যে অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে বা বিপক্ষে ছিল। মূল বিষয়টি হলো দেশের স্বার্থ রক্ষা। যদি জাতীয় স্বার্থ নিশ্চিত করে চুক্তিটি সম্পন্ন করা সম্ভব হয়, তবেই সরকার তা করবে।

অন্তর্বর্তী সরকারের সময়ও এই অবস্থান ব্যক্ত করা হয়েছিল এবং বর্তমান সরকারও একই নীতি বজায় রাখবে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনার অগ্রগতির বিষয়ে আশিক চৌধুরী আরও জানান, এটি ছিল একেবারে প্রাথমিক পর্যায়ের বৈঠক। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো বা মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি নিয়ে বিস্তারিত যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বিডা চেয়ারম্যান বলেন, আজকের সভায় মূলত তারা প্রধানমন্ত্রীকে এনসিটি ইস্যুসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন। প্রধানমন্ত্রী ধৈর্য ধরে তাদের কথা শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন। তবে এটি মূলত একটি ব্রিফিং সেশন ছিল, যেখানে নীতিনির্ধারণী পর্যায়ের প্রাথমিক আলোচনা হয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি